পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে গাজীপুরে আন্দোলনকে কেন্দ্র করে চলমান নাশকতার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন থানায় অন্তত ১৫টি নাশকতা মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৮০ জনকে। এছাড়াও নাশকতা সৃষ্টির পরিকল্পনায় গাড়িতে থাকা পেট্রোল বোমাসহ আওয়ামী লীগ নেতাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মো: আশিক সাঈদ। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে । কিছু দুষ্কৃতিকারী সকালে নাশকতার সৃষ্টি করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা প্রতিহত করেছেন। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন বলেও জানান জিএমপি কমিশনার।

