শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে কোন বাড়িওয়ালা যেন ঘর ভাড়া বৃদ্ধি করতে না পারে – এজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আর কেউ যদি বাড়ি ভাড়া বৃদ্ধি করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চলমান শ্রমিক আন্দোলন নিরসনে আজ রোববার বিকেলে ঢাকার সাভার পৌরসভায় গার্মেন্টস শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় তিনি আরও বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকদের মাঝে সমঝোতা হচ্ছে বেতন বাড়ানো নিয়ে। তাই কোন বাড়িওয়ালা ঘর ভাড়া বাড়াতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, গোপালগঞ্জে যারা নাশকতা করছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন হচ্ছে। তাদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও জানান মীর শাহে আলম।
স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
