আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেল তিনটায় খুলনার ফেরিঘাট মোড়ের সোনালী ব্যাংক চত্বরে এনসিপির খুলনা মহানগর, জেলা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর এনসিপির আহ্বায়ক আহম্মদ হামীম রাহাত। সঞ্চালনা করেন মহানগর সদস্য সচিব ডা. আব্দুল্লাহ চৌধুরী।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। দলের রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদিব, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা এতে অন্যান্যের মধ্যে অংশ নেন। খুলনা জেলা এনসিপির আহ্বায়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বলসহ মহানগর ও জেলা পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ উত্থাপিত দাবিগুলোর পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
