খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী শুটার ইমরানসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুরে গ্রেপ্তার করেছে এসআরবি। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আজ রোববার ভোরে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ দল। অভিযানে ইমরানসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: খুলনার রূপসা উপজেলার দেওয়ারা গ্রামের ইমরান (৪০), আইচগাতি গ্রামের ইমন খান (২১), রাজাপুর গ্রামের মো. আল আমিন (২০), বাহাপুর গ্রামের রফিকুল ইসলাম (২১) এবং আইচগাতি গ্রামের হানিফ সিকদার (১৯)।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে।
এ ছাড়া খুলনা মহানগরী এবং জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের সঙ্গেও তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
