কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘন্টার অবরোধে অচল হয়ে পড়েছে গোপালগঞ্জ। জেলার প্রধান সড়ক-মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলোও প্রায় জনশূন্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
আজ রবিবার (২৯ নভেম্বর) জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি দেখা যায়নি। শহরের ভেতরের ছোট ছোট গলি দিয়ে দু-একটি রিকশা, ভ্যান ও মোটর সাইকেল চলাচল করলেও তা ছিল একেবারেই সীমিত। প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের হতে দেখা যায়নি। জেলা শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-টেকেরহাট ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, লকডাউনের প্রভাবে সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেল—দুই পথেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চাওয়া ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন। তবে গোপালগঞ্জে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অবরোধকারীরা শিক্ষার্থীদের কোন রকম ভোগান্তি ছাড়াই পরীক্ষা কেন্দ্র আসতে দেন। এতে অনেকটা নির্ভয়ে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। তবে জেলার স্কুল বন্ধ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই শহর ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা কারাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজারের বেশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
অন্যদিকে, সড়ক-মহাসড়কে অবরোধ, যানবাহন চলাচল বন্ধ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। সব মিলিয়ে লকডাউনের প্রথম দিন গোপালগঞ্জের জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে না আসায় সকাল থেকেই শহর ও সড়কগুলোতে স্বাভাবিক দিনের চিত্রের সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
