গাইবান্ধায় বর্ষীয়ান কৃষক নেতা, বাম আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠক আমিনুল ইসলাম গোলাপের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। গাইবান্ধা নাগরিক সংগ্রাম কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সমন্বয়ক মিহির ঘোষ।
ডিবিসি টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন অধ্যাপক মাজহারুল মান্নান, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু, সাংবাদিক ও সমাজকর্মী গোলাম রব্বানী মুসা এবং আইনজীবী সিরাজুল ইসলাম বাবু। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্মরণসভার শুরুতে প্রয়াত আমিনুল ইসলাম গোলাপের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত ব্যক্তিরা।
প্রায় দুই ঘণ্টাব্যাপী স্মরণসভায় বক্তারা আমিনুল ইসলাম গোলাপের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, আমিনুল ইসলাম গোলাপ আজীবন কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেছেন। স্বার্থহীনভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ বাম রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে বক্তারা উল্লেখ করেন।
সভায় বক্তারা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ ধারণ করে সমাজ পরিবর্তন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
