ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মো: আল আমিন
মো: আল আমিন
Avatar photo
ভালুকা, ময়মনসিংহ
- ভালুকা, ময়মনসিংহ
1 Min Read

ময়মনসিংহের ভালুকায় আঁখি আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জাহিদকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন নিহতের শ্বশুর বাড়ির লোকজন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রান্দিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে আঁখি আক্তারের সঙ্গে বহুলি গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহিদের প্রায় দুই বছর আগে বিয়ে হয়।

অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই আঁখিকে ভরাডোবা বিএসবি স্পিনিং কোম্পানিতে কাজ করতে বাধ্য করা হতো। চাকরি থেকে পাওয়া বেতনের টাকাও নিয়মিত নিয়ে নিতেন তাঁর স্বামী। এমনকি বেতনের টাকা দিতে অস্বীকৃতি জানালে আঁখিকে একাধিকবার মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁর স্বজনরা।

নিহতের শ্বশুর বাড়ির লোকজনের ভাষ্য, ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল। তবে পরদিন সকালে হঠাৎ খাটের ওপর আঁখির নিথর দেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্বামী জাহিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন