জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মিলের ডোঙায় আখ দেওয়ার মধ্য দিয়ে ২০২৬-২০২৭ মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ। স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও চিনি শিল্প করপোরেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৮৬ দিন আখ মাড়াইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৭ শতাংশ। গত মৌসুমে ৮৪ হাজার ৯৪২ মেট্রিক টন আখ মাড়াই করে ছয় হাজার ৩৬৬ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল মিলটি। ওই মৌসুমে চিনি আহরণের হার ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।
এদিকে, চলতি মৌসুমে আখ চাষিদের উৎসাহিত করতে প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়িয়েছে সরকার। আগে প্রতি কুইন্টাল আখের দাম ছিল ৬২৫ টাকা। এবার তা বাড়িয়ে ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিল ১৯৫৭-৫৮ সালে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করে। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লোকসান ও ঋণের চাপে রয়েছে। গত ৬৮টি মাড়াই মৌসুমের মধ্যে প্রায় ৫০টি মৌসুমে লোকসান গুনে প্রতিষ্ঠানটির মোট দায়ের পরিমাণ ৮৫৬.৩৯ কোটি টাকা।
