উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি মজবুত করতে দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও প্রশাসনিক পর্যায়ের নীতিনির্ধারকদের নিয়ে ঢাকায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফুড ফর দ্য হাংরি’ (এফএইচ) অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে এ সভার আয়োজন করা হয়।
সোমবার সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই ও জনগণকেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে অংশীদারিত্ব জোরদার করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মাদ জকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর যুগ্মসচিব ড. কে এম মামুন উজ্জামান। এছাড়া এফএইচের এশিয়ার আঞ্চলিক পরিচালক রোমেল ফুয়ের্তে, কান্ট্রি ডিরেক্টর বুলি হাগিদকসহ বিভিন্ন দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী ও অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা স্থানীয় পর্যায়ে কার্যকর পরিবর্তন সৃষ্টি, সম্পদের সর্বোত্তম ব্যবহার ও ভবিষ্যৎ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এফএইচের পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক আস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত অংশীদারিত্বই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার চাবিকাঠি।
অনুষ্ঠানে এফএইচ তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ অগ্রাধিকার কার্যক্রম তুলে ধরে। উপস্থিত উন্নয়ন সহযোগীরা সংস্থার কাজের প্রশংসা করেন এবং আগামী দিনে টেকসই বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের যৌথ প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
