ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণকে কেন্দ্র করে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে রানওয়ে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে রানওয়ে বন্ধ থাকলেও ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর বিকেল ৩টা ৪০ মিনিটে উড়োজাহাজ চলাচল শুরু হয়।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকায় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট দীর্ঘ সময় আকাশে অপেক্ষমাণ ছিল। রানওয়ে চালু হওয়ার পর ফ্লাইটটি প্রথমে অবতরণ করে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ফ্লাইটের অবতরণ শুরু হয়।
এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করে।
ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি উড়োজাহাজটি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইট শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে পৌঁছেছেন।
