নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা। এ সময় বিমানবন্দর থেকে রংপুর যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশেষ সামরিক বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর থেকে কামারপুকুর, চিকলীসহ ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে মানুষের ভিড় দেখা যায়। নারী, শিশুসহ সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান।
এ সময় জাতীয় পতাকা ও দলীয় প্রতীক হাতে নিয়ে স্লোগান দেন উপস্থিত ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর গাড়িবহর ধীরগতিতে এগিয়ে যাওয়ার সময় তিনি হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।
সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহীন বলেন, উত্তরাঞ্চলের উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তাঁদের মাঝে এসেছেন। সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই পাশে মানুষের উপস্থিতি তাঁর প্রতি এ অঞ্চলের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর।
এ সফর ঘিরে সৈয়দপুর, রংপুর ও রাজশাহীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
