
সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ওমরাহযাত্রী ও মুসল্লিদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে পবিত্র দুই মসজিদে ভিড়ের পরিস্থিতি সরাসরি জানা এবং গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন সুযোগ-সুবিধা খুঁজে পাওয়া যাবে।

নতুন এই সেবার সাহায্যে মুসল্লিরা মসজিদে যাওয়ার আগে ভিড়ের অবস্থা সম্পর্কে ধারণা নিতে পারবেন। বিশেষ করে পবিত্র কাবা ঘরকে ঘিরে তাওয়াফের স্থান এবং সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈ করার পথে ভিড়ের মাত্রা জানা যাবে। ফলে তুলনামূলক কম ভিড়ের সময়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পরিকল্পনা করা সহজ হবে।
ডিজিটাল প্ল্যাটফর্মটিতে ভিড়ের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং ভিড়ের মাত্রা বোঝানোর বিভিন্ন নির্দেশক রাখা হয়েছে। পাশাপাশি মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইন্টার্যাকটিভ মানচিত্রের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান, সুযোগ-সুবিধা এবং চলাচলের পথ খুঁজে নিতে পারবেন মুসল্লি ও দর্শনার্থীরা।
প্ল্যাটফর্মটিতে প্রায় ৯৫০টি গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার তথ্য রয়েছে। মসজিদুল হারামের মানচিত্রে পবিত্র কাবা ঘর, মাকামে ইব্রাহিম, সাফা ও মারওয়ার মতো গুরুত্বপূর্ণ স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, মসজিদে নববীর মানচিত্রে আল রওদাহ আশ শরিফা, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হুজরা, নামাজের মিহরাব ও মিম্বরের মতো গুরুত্বপূর্ণ স্থান তুলে ধরা হয়েছে।
সৌদি আরবের এই উদ্যোগের লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হজ ও ওমরাহযাত্রীদের চলাচল সহজ করা, ভিড় ব্যবস্থাপনা উন্নত করা এবং পবিত্র দুই মসজিদে মুসল্লিদের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলা।
