প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ্যবইয়ের পরিচিত গল্প ‘সিংহ আর ইঁদুর’ নিয়ে থ্রিডি (৩ডি) অ্যানিমেশন প্রকাশ করেছে শিশুতোষ এডুটেইনমেন্ট প্ল্যাটফর্ম আনন্দপাঠ (Anandapath)। শিশুদের বিনোদনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি অ্যানিমেশনটি নির্মাণ করেছে ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশন (Dream Maker Creative Station)।
অ্যানিমেশনটিতে পরিচিত গল্পটিকে আধুনিক ত্রিমাত্রিক দৃশ্য, সংগীত ও সংলাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে শিশুদের কাছে পাঠ্যবইয়ের গল্পকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে।
অবহেলার শিকার রনিকে দাদুর গল্প
অ্যানিমেশনটির শুরুতে দেখা যায়, রনি নামের এক শিশু স্কুলে সহপাঠীদের অবহেলার শিকার হয়। বয়সে ছোট হওয়ায় অন্যরা তাকে খেলায় নিতে চায় না। মন খারাপ করে বাড়ি ফেরে রনি। তার মন ভালো করতে দাদু তাকে শোনান বনের রাজা সিংহ ও ছোট্ট ইঁদুর টুকটুকির গল্প।
গল্পে দেখা যায়, ঘুমন্ত সিংহের নাকের ওপর দুষ্টুমি করতে গিয়ে তার থাবায় ধরা পড়ে ইঁদুরটি। প্রাণভিক্ষা চেয়ে মুক্তি পাওয়ার পর সুযোগ পেলে সিংহের উপকার করার প্রতিশ্রুতি দেয় সে। ইঁদুরের কথা শুনে সিংহ হেসে উড়িয়ে দিলেও পরে পরিস্থিতি বদলে যায়।
একদিন শিকারির পাতা জালে আটকা পড়ে সিংহ। তখন অন্য কোনো প্রাণী এগিয়ে না এলেও ছোট্ট ইঁদুরটি নিজের ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কেটে সিংহকে মুক্ত করে। এভাবেই গল্পে ফুটে ওঠে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের গুরুত্ব।
শিশুদের জন্য মানবিক শিক্ষার বার্তা
‘ছোট হলেও কম নয় কেউ, বন্ধুত্বের জয় হোক ঢের’ এই ভাবনাকে কেন্দ্র করে তৈরি অ্যানিমেশনটিতে কাউকে ছোট করে না দেখা, অন্যের প্রতি সহমর্মিতা দেখানো এবং বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষা তুলে ধরা হয়েছে।
আনন্দপাঠের এ উদ্যোগের লক্ষ্য, শিশুদের কাছে পরিচিত পাঠ্যবইয়ের গল্পকে বিনোদনমূলক ও সহজবোধ্য উপায়ে উপস্থাপন করা, যাতে তারা আনন্দের সঙ্গে গল্পের নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারে।
শিক্ষামূলক কনটেন্ট তৈরির লক্ষ্য
অ্যানিমেশনটির ক্রিয়েটিভ ডিরেক্টর ও অ্যানিমেটর মাসুদ করিম বলেন, দেশের শিশুদের জন্য ডিজিটাল মাধ্যমে সুস্থ, রুচিশীল ও শিক্ষামূলক কনটেন্টের অভাব রয়েছে। প্রাথমিক পাঠ্যবইয়ের গল্পগুলো প্রাণবন্ত কার্টুন, ছড়া-গান ও সংলাপের মাধ্যমে উপস্থাপন করা গেলে শিশুরা আনন্দের সঙ্গে পড়াশোনার প্রতি আগ্রহী হবে এবং তাদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে।
তার মতে, আনন্দপাঠের এ উদ্যোগ শিশুদের নির্মল বিনোদন দেওয়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
