
জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
তিনি বলেন, সরকার নিজেদের সুবিধাজনক বিষয়গুলো গ্রহণ করছে, কিন্তু গণভোট ও জুলাই সনদ না মেনে চরমভাবে ওয়াদা ভঙ্গ করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রোকন সম্মেলন ও জেলা আমীর নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন এক বিষয় নয়। আগামীতে স্থানীয় নির্বাচনে ভালো ফলাফল অর্জনের জন্য এখন থেকেই ব্যাপক গণসংযোগ শুরু করতে হবে। নীলফামারীর চারটি আসনেই ভালো ফলাফলের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তা প্রমাণ করতে হবে।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ। এ ছাড়া বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ।
সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা এবং দলের বিভিন্ন পর্যায়ের রোকনরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নতুন মেয়াদের জন্য জেলা আমীর নির্বাচন সম্পন্ন হয়। তবে নির্বাচনে কে আমীর নির্বাচিত হয়েছেন, তা আয়োজকদের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।
