গাজীপুরের কালিয়াকৈরে দিনে দুপুরে এ এম এম তৌহিদুর রশিদ নামে এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার নিয়ে এসে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বলে জানা গেছে।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা এ এম এম তৌহিদুর রশিদ রোববার দুপুরে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখায় থাকা তাঁর বাবা এস এম হারুনুর রশিদের একাউন্ট থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। পরে উত্তোলনকৃত টাকা নিয়ে একটি অটো রিকশাযোগে হিজলতলী এলাকায় তাঁর বাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাংসাই ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রংয়ের এক্স করোলা প্রাইভেট কার নিয়ে এসে অটো রিকশার গতিরোধ করে ছিনতাইকারীরা।
পরে এ এম এম তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগ জোরপূর্বক টেনে নিয়ে টাঙ্গাইলের দিকে চলে যায় ছিনতাইকারীরা। এরপর তিনি পুলিশের জরুরী সেবায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে ছিনতাইকারীরা এলাকা ত্যাগ করতে সক্ষম হয়। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদ বাদী হয়ে সন্ধ্য়ায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অপরীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

