জর্ডানে অনুষ্ঠিত ৬২তম ডিপ্লোমেটিক বাজারে বাংলাদেশের পণ্য ও ঐতিহ্যবাহী খাবার দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মেলায় পণ্য ও খাবারের জন্য পৃথক দু’টি স্টল সাজানো হয়। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের খাবার উপস্থাপন করা হয়।

মেলা থেকে সংগৃহীত অর্থ জর্ডানের রাজপরিবার পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান মাবররাত উম আল হুসাইনের তহবিলে জমা দেওয়া হবে। আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে দেশের কারুশিল্প ও রন্ধনশিল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি দাতব্য কার্যক্রমেও সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।
ডিপ্লোমেটিক বাজারে বিভিন্ন দেশের দূতাবাস নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক, পণ্য ও সংস্কৃতি তুলে ধরে। বাংলাদেশের স্টলে স্থান পায় নকশিকাঁথা, সিল্ক ও জামদানি শাড়ি, স্কার্ফ, পাটজাত পণ্য, তামার তৈরি সামগ্রী, কাঠ ও বেতের পণ্য, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প। এছাড়া বাংলাদেশি চা, সরিষার তেল ও বিভিন্ন ধরনের মসলার প্রতিও দর্শনার্থীদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য।
জর্ডানের প্রিন্সেস বাসমা বিনত তালাল ডিপ্লোমেটিক বাজারের উদ্বোধন করেন। বাংলাদেশের স্টল পরিদর্শনকালে তিনি দেশটির পণ্য এবং দাতব্য কাজে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন। জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই হেলাল সাইফুর রহমানের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় দূতাবাসের সদস্যরা মেলায় অংশ নেন।
মেলার শেষ পর্যায়ে বাংলাদেশি পোশাক শ্রমিকদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ পরিবেশিত হয়। পরিবেশনাটি উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে।
