গাজীপুরের নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় তিনতলা একটি নির্মাণাধীন ভবনের অধিকাংশ কাজ শেষ হয়েছিল। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে গার্মেন্টসকর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। নিহত সাকিব ওই কক্ষের একটিতে আরও কয়েকজন গার্মেন্টসকর্মীর সঙ্গে বসবাস করতেন।
শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে কক্ষের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে স্থানীয়রা তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী সামসুজ্জামান জানান, নিহত ব্যক্তির নাম সাকিল। তবে তাঁর বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা এলে পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
