মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ ২১২টি অভিযান পরিচালনা করে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের অবৈধ জাল, চারটি বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা এসব অবৈধ সরঞ্জাম ও মাছের মোট ভিত্তিমূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।
গত ৮ অক্টোবর শুরু হওয়া ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ গত ২৯ অক্টোবর শেষ হয়েছে। এ সময় দেশের মোট ৯টি জেলায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
অভিযান সফল করতে প্রতিনিয়ত নৌবাহিনীর সাতটি জাহাজ, উল্লেখযোগ্যসংখ্যক বোট ও কন্টিনজেন্ট মোতায়েন ছিল। পাশাপাশি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফটের (এমপিএ) মাধ্যমে আকাশপথে নজরদারি (এয়ার সার্ভেইল্যান্স) কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে জব্দ করা অবৈধ জালগুলো স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জাটকা মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়। এ ছাড়া জব্দ করা বোটগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মা ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্নে ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।
