
জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিশিষ্ট সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। আজ শনিবার নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিলেন সে কথা।

দীর্ঘ ২৭ বছরের সাংবাদিকতার পেশায় নিধি। শুরুটা সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে। জন্মসূত্রে কাশ্মীরি এই সাংবাদিকও তাঁর সমাজমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছেন। সমাজমাধ্যম ‘এক্স’-এ নিধি বর্তমানে বহুশ্রুত শব্দবন্ধ ‘its done bro’ লিখে বিয়ের দু’টি ছবি ভাগ করে নিয়েছেন।

অন্যদিকে, ইনস্টাগ্রামে নিধি রাজদানের সঙ্গে একটি ছবি পোস্ট করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী লেখেন, “গতকাল থেকে এক নতুন সফর শুরু হলো।” বিয়ের একদিন পর ভক্ত ও অনুগামীদের উদ্দেশ্যে এই নতুন জীবনের কথা ঘোষণা করলেন তিনি।

প্রসঙ্গত, ওমর আবদুল্লাহ এর আগেও বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৯৪ সালে বিয়ে করেন পায়েলকে। তাঁদের দুই ছেলে রয়েছে— জহির ও জমীর। তবে ২০০৯ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০১১ সালে ওমর আবদুল্লাহ তাঁদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে ঘোষণা করেন। প্রাক্তন স্ত্রীর সঙ্গে দীর্ঘ আইনি জটিলতা ও বিবাদের অবসানের পরই সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে জীবনের নতুন যাত্রাপথ শুরু করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
