অডিও অঙ্গনে এক যুগের বেশি সময় ধরে গান করছেন কণ্ঠশিল্পী অভী তালুকদার। তবে এবারই প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন ‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো’ গানখ্যাত এই শিল্পী। ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের ‘ভালোবাসি’ শিরোনামের গানটির মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হলো তাঁর।
গানটির কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী এবং সুর করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ। গানটির সংগীতায়োজন করেছেন রুবেল ফ্লাইংকাইটস। এই প্রথম কোনো গানের কাজে একসঙ্গে যুক্ত হলেন অভী তালুকদার, রেজাউর রহমান রিজভী ও ওয়ালিদ আহমেদ।
এ প্রসঙ্গে অভী তালুকদার বলেন, ‘অডিওতে গান করছি এক যুগের বেশি সময় ধরে। কিন্তু চলচ্চিত্রে গান করার সুযোগ হয়ে ওঠেনি। আমি কৃতজ্ঞ ওয়ালিদ ভাইয়ের প্রতি, তাঁর চলচ্চিত্রের গানে আমার ওপর আস্থা রেখেছেন বলে। রোমান্টিকধর্মী এই গানটি আশা করছি শ্রোতাদের কাছেও ভালো লাগবে।’
উল্লেখ্য, পরান ফকিরের লেখা, নবীন চন্দ্র রাজবংশীর সুর এবং বালামের সংগীতায়োজনে ‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো’ গানটি গেয়ে ২০০৬ সালে প্রথম আলোচনায় আসেন অভী তালুকদার। গানটি জি সিরিজ থেকে প্রকাশিত ‘প্রেম শিকারী’ অ্যালবামে স্থান পেয়েছিল।
অভীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘প্রেমে মরা জলে ডুবে না’, ‘বন্ধু কি আসিবে ফিরিয়া’, ‘সোনা বন্ধুরে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘মুর্শিদ’।
প্রসঙ্গত, নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্র। এতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে।
বর্তমানে চলচ্চিত্রটির শুটিং শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ঢাকা ১২০৫’-এর।


