জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ স্পীকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

হাফিজ উদ্দিন আহমদ তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩ তম সম্মেলনে আইপিইউ-এর এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন করার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

সসাক্ষাতকালে তাঁরা দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধির সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে উভয়েই মতবিনিময় করেন। স্পীকার এসময় আসন্ন সংসদ অধিবেশনে পাকিস্তানের হাইকমিশনারকে অধিবেশন পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, পাকিস্তানের স্পীকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান সফর করবেন। বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
