ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পদ্মার মোড় বাসস্ট্যান্ডসহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে, পদ্মার মোড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন।
আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকরা তিন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। একদল পদ্মার মোড় এলাকায় এবং অন্য একটি দল হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের সরানোর চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে, সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
তবে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শ্রমিকদের একটি অংশ পরে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
