ভোলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানা পর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে ভোলা পৌরসভার শহর সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কাজী গোলাম কবির এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা সেলিনা আক্তার।
প্রশিক্ষণে ভোলা পৌরসভা থেকে একজন সুপারভাইজার ও ৯ জন তথ্য সংগ্রহকারী এবং ভোলা সদর উপজেলা থেকে দুজন সুপারভাইজার ও ২৩ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ট্যাব বিতরণ করা হয়। এর মাধ্যমে মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ট্যাব ব্যবহারের ফলে তথ্য সংগ্রহের কাজ আরও সহজ, দ্রুত ও নির্ভুল হবে। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।
এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
