দীর্ঘ ২১ বছর পর আবারও রাজপথে তারেক রহমান

বাংলাদেশ গ্লোবাল
3 Min Read

দীর্ঘ দুই দশকের বিরতি। সময়ের ব্যবধানে বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট, বদলেছে পরিচয় ও দায়িত্ব। ২০০৫ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় দলের তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান। ২১ বছর পর আবারও রাজপথের শোভাযাত্রায় পা মেলালেন তিনি। তবে এবার তিনি শুধু বিএনপি চেয়ারম্যান নন, দেশের প্রধানমন্ত্রীও।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীতে বিএনপি আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালিতে নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে অংশ নেন তারেক রহমান। দলীয় নেতা-কর্মীদের স্লোগান, পতাকা, ব্যানার আর বাদ্যযন্ত্রের তালে বর্ণিল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। র‍্যালির সামনের সারিতে থেকে নেতা-কর্মীদের সঙ্গে পথ চলেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টা ১৫ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়। এর আগে, দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। পরে নেতা-কর্মীদের সঙ্গে র‍্যালিতে যোগ দেন তিনি।

সমাবেশে তারেক রহমান বলেন, গণতন্ত্রের বাংলাদেশ গড়া ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। বাংলাদেশের মানুষের গণতন্ত্র কেড়ে নিয়ে বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা আবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছিল এবং স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছিল।

তিনি বলেন, পরাজিত শক্তি আবার ষড়যন্ত্র করছে। যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি, তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশের ভেতরে কিংবা বাইরে থেকে আসা ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো কিছুই দেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না।

৭ নভেম্বরের র‍্যালিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার কর্মসূচি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট মানুষের জীবন ও ত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তা রক্ষা করতে হবে। এজন্য দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নয়া পল্টন থেকে শুরু হওয়া র‍্যালিটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের সামনে, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে র‍্যালি পৌঁছায় জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বিকেল পৌনে ৫টার দিকে সেখানে পৌঁছান তারেক রহমান ও র‍্যালিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান ও ডা. ফরহাদ হালিম ডোনার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম র‍্যালিতে তারেক রহমানের সঙ্গে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন