রায়হান হোসেন, বেনাপোল: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরে সরকারি ছুটি থাকায় আজ সোমবার (৯ নভেম্বর) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পণ্য খালাস এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে নিয়মিত আমদানি-রপ্তানি শুরু হবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির আইন বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আলী জানান, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। এর ফলে বেনাপোল বন্দর দিয়েও পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেন, “পেট্রাপোল বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্যের খালাস প্রক্রিয়া এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
