বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং সমাজের অসংগতি ও অনিয়ম প্রকাশের অঙ্গীকার নিয়ে ভোলায় উদযাপিত হয়েছে জাতীয় গণমাধ্যম এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোলা প্রতিনিধি এইচ. এম. হাবিবুল্লাহ্-এর সঞ্চালনায় অনুষ্ঠানে এনপিবি নিউজের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোবহান। তিনি বলেন, এক বছরের পথচলায় এনপিবি নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের অসংগতি ও বাস্তব চিত্র তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করেছে। বিগত দিনে তাদের স্বচ্ছতা দেখা গেছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে গণমাধ্যমটি বহুদূর এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন। তিনি বলেন, এনপিবি নিউজ ইতোমধ্যে গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এ সাফল্যে তিনি আনন্দিত। ভবিষ্যতেও গণমাধ্যমটির পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমটিকে দৃঢ় অবস্থানে থাকতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি আব্দুল মোমিন বলেন, এনপিবি নিউজ গণমানুষের আস্থার একটি গণমাধ্যম। সাংবাদিকদের কোনো প্রভাবশালী ব্যক্তির চাপে নতি স্বীকার না করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সহসভাপতি সুলাইমান, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আ. কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রনিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ, জাতি ও সাধারণ মানুষের কল্যাণে গণমাধ্যমটির দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারের মধ্য দিয়ে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তির আয়োজন শেষ হয়।
