ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
সকালে হা-মীম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সট কালেকশন, স্টারলিং স্টাইল, সেতারা, ইয়াগি বাংলাদেশসহ বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। পরে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করেন তারা। এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় হা-মীম গ্রুপের নেক্সট ওয়াশ লিমিটেডের শ্রমিক রাকিব হাসানকে আটক করে পুলিশ।
এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চল আশুলিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবির পাঁচ প্লাটুন সদস্য।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
