কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজের মাধ্যমে উদ্ভাবনী ধারণাকে বাস্তব সমাধানে রূপ দিতে তরুণদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির ‘ফিউচারমেকার্স’-এর দ্বিতীয় সংস্করণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে এআইভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পেয়েছেন। পাশাপাশি উন্নয়নমূলক কর্মসূচি ‘নেক্সট বিজনেস লিডার’ এবং ‘নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এ সরাসরি যুক্ত হওয়ার সুযোগও পাবেন তারা।
এ উদ্যোগের মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাস্তব জীবনের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এআই ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বিশ্বজুড়ে শিল্পখাত ও অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে এআই। এই পরিবর্তনে অংশ নিতে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা, সরঞ্জাম ও সুযোগ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, বাংলাদেশের তরুণদের শুধু নতুন প্রযুক্তি শেখা ও গ্রহণে উৎসাহিত করলেই হবে না, বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় এসব প্রযুক্তির প্রয়োগেও উদ্বুদ্ধ করতে হবে। গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’-এর মতো উদ্যোগ শিক্ষার্থীদের এআই নিয়ে কাজ করা, দক্ষতা বাড়ানো এবং উদ্ভাবনী ধারণাকে কার্যকর সমাধানে রূপ দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করছে। ভবিষ্যৎ উপযোগী মেধা বিকাশ ও দেশের ডিজিটাল অর্থনীতি এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, তরুণ উদ্ভাবকরা এআই ব্যবহার করে সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আরও বেশি মানুষের কাছে ডিজিটালাইজেশনের সুফল পৌঁছে দিতে পারেন। অংশগ্রহণকারীরা যেন দায়িত্বশীল উদ্ভাবন ও ডিজিটাল অন্তর্ভুক্তির অঙ্গীকার নিয়ে দেশের জন্য নিজেদের ধারণা বাস্তবায়নে এগিয়ে যান, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তা অনুপ্রেরণাদায়ক। ‘ফিউচারমেকার্স’-এর এবারের সংস্করণে অংশগ্রহণ শুধু বড় শহর বা নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণদের এআইভিত্তিক ধারণা নিয়ে এগিয়ে আসা প্রমাণ করে, মেধা ও সম্ভাবনা ভৌগোলিক অবস্থান কিংবা প্রাতিষ্ঠানিক পরিচয়ের ওপর নির্ভরশীল নয়।
তিনি আরও বলেন, গ্রামীণফোন তরুণ উদ্ভাবকদের দক্ষতা বাড়ানো, সম্ভাবনা বিকাশ এবং ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরিতে সহায়তাকারী হিসেবে কাজ করছে। ফিউচারমেকার্সসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন যুব ক্ষমতায়নমূলক উদ্যোগের মাধ্যমে তরুণরা একটি নিরাপদ, স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে তরুণদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় দক্ষ করে তোলার পাশাপাশি অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ দেওয়া জরুরি।
তিনি বলেন, ফিউচারমেকার্সের দ্বিতীয় সংস্করণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৈচিত্র্যময় একাডেমিক পটভূমির শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন। এআইয়ের প্রচলিত ব্যবহারের বাইরে গিয়ে সামাজিক কল্যাণে প্রযুক্তিটির সম্ভাবনা খুঁজে বের করতে তাদের উৎসাহিত করা হয়েছে। এই অভিজ্ঞতা তরুণদের শেখা, পরীক্ষা-নিরীক্ষা এবং উদ্ভাবনী ধারণাকে কার্যকর সমাধানে রূপ দিতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করেন তিনি।

