
কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও থানা পুলিশের যৌথ অভিযানে মো. আলম (৪০) নামে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-ই (এলএমএস) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল ডিউটি দল ও টেকনাফ মডেল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ক্যাম্পের ১৬২ নম্বর শেডে অবস্থানরত মো. আলমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় ২০২২ সালের ৫ মে দায়ের করা ১১ নম্বর মামলায় জিআর ৪০৪/২২ (টি) নম্বরের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলাটি জুয়া আইন, ১৮৬৮-এর ৩ ও ৪ ধারায় দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
