
শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল ও শাপলাবিল। তবে পাখির অবাধ বিচরণকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি শিকারিরা। পাখি শিকার বন্ধে বন বিভাগের বিশেষ অভিযানে প্রায় ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। ধ্বংস করা হয়েছে ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক শিকারের ঘর। এ সময় শিকারিদের ফাঁদ থেকে আটটি জীবিত বক উদ্ধার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উখিয়া রেঞ্জ বন বিভাগের উদ্যোগে মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাখি শিকারে ব্যবহৃত জাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাশাপাশি শিকারিদের পাতা ফাঁদ, পাখি ধরার কাজে ব্যবহৃত কৃত্রিম বক ও শিকারের ঘর ধ্বংস করা হয়। উদ্ধার হওয়া আটটি জীবিত বক উখিয়া রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়েছে।
অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ, ইনানী রেঞ্জ ও উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তা এবং বন বিভাগের কর্মীরা অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের আওতাধীন মাছকারিয়া বিলে অতিথি পাখি শিকারের প্রবণতা ঠেকাতে এ অভিযান চালানো হয়। শীত মৌসুমে এ অঞ্চলের বিল ও জলাভূমিতে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। এ সময় শিকারিদের তৎপরতা বাড়লে পাখির নিরাপদ বিচরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ হুমকির মুখে পড়ে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অতিথি পাখি সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ পাখি শিকার বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহলের মতে, পাখি শিকার বন্ধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, শিকারিদের শনাক্ত করা, নিয়মিত নজরদারি এবং জনসচেতনতা বাড়ানোও জরুরি। এসব উদ্যোগের মাধ্যমে অতিথি পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি মাছকারিয়া বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব।
