সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ প্রবাসী নারী সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব (BLC) UAE-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো আনন্দঘন মিলনমেলা, নারী উদ্যোক্তা প্রদর্শনী ও সম্মাননা অনুষ্ঠান। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অর্জন এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার নারী ও একজন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি দেশীয় পণ্য ও নানা সামগ্রী নিয়ে উদ্যোক্তা মেলায় অংশ নেন ৩০ জন নবীন ও প্রবীণ নারী উদ্যোক্তা।

গত শনিবার (১৪ নভেম্বর) আজমানের উম্ম আল মুমিনিন অ্যাসোসিয়েশনের হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানিয়া নোভা ও তন্বী সাবরিনের সাবলীল উপস্থাপনায় এবং সংগঠনের প্রেসিডেন্ট লাবন্য আদিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী বাইজুন নাহার চৌধুরী সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন আক্তার মাহাবুব সিআইপি, রুমানা আক্তার, জুলি জাফর চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন, সেক্রেটারি জেনারেল নাসরিন আক্তার এবং শেফালী আক্তার আঁখি সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশেষ অর্জন করা তরুণ শিক্ষার্থী শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকি তামরিনকে সম্মাননা প্রদান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত FWWMUN 2026-এ একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ডেলিগেট হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পান জুলি জাফর চৌধুরী এবং নারী উদ্যোক্তা মীনা কবীর, মমতাজ আইয়ুব ও নাজমান নাহার বুবলী।
অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়লা রুবাইয়াত, মারিয়ুম মুহাম্মদ, তানিয়া কলি, নাজমান বুবলী, ইষিকা মাজাহার ও দিলশাদ আফরোজসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
অন্যদিকে, উদ্যোক্তা মেলায় ৩০ জন নবীন ও প্রবীণ নারী উদ্যোক্তা দেশীয় খাবার, পোশাক এবং বিভিন্ন ধরনের পণ্য ও সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন। তাঁদের পণ্যের প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে প্রবাসে নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা এবং ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে BLC কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, মনোমুগ্ধকর নৃত্য ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে নারীদের পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সংহতি, উদ্যোক্তা উন্নয়ন এবং মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি প্রদানে বাংলাদেশ লেডিস ক্লাবের ইতিবাচক ভূমিকা আরও একবার তুলে ধরা হয়।
