
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাতিসংঘে বহুপাক্ষিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে এই উদ্যোগ বাস্তবায়নে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াই এবং অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে দুই মন্ত্রী একমত হন। মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এই সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে আসছে ঢাকা। এ ছাড়া অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও টেক্সটাইলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।
