দিনাজপুরের বীরগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১ নম্বর মরিচা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলামসহ উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউপি সদস্য হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে।
গত বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শালবাড়ী ডাবড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাদীপক্ষের দুজন এবং অভিযুক্তপক্ষের পাঁচজন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শালবাড়ী ডাবড়া এলাকার মৃত মমিন মণ্ডলের ছেলে মো. আব্দুল হাই (৬৫) ক্রয়সূত্রে পাওয়া একটি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমির সীমানা নিয়ে প্রতিবেশী সুরুজ আলী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগকারীর দাবি, ঘটনার দিন সুরুজ আলীসহ ১১ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তাঁর জমিতে প্রবেশ করেন। এ সময় জমি দখলের চেষ্টায় বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
অভিযোগে বলা হয়েছে, সুরুজ আলীর নির্দেশে তাঁর ছেলে পারভেজ ধারালো ছুরি দিয়ে ইউপি সদস্য হাফিজুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া রাসেল বাঁশের লাঠি দিয়ে হাফিজুল ইসলামের হাত ও পিঠে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এরশাদ আলীসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করে আহত করার অভিযোগও করা হয়েছে।
অভিযোগকারীর ভাষ্য, স্থানীয় মিলন ইসলাম ও জালাল উদ্দিনসহ কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
অন্যদিকে, সংঘর্ষে অভিযুক্তপক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি তিনজন উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাদীপক্ষের আহত দুজন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় মো. আব্দুল হাইয়ের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
