
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই কেন্দ্রটির প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে এ জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কোনো ধরনের কারিগরি জটিলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদনের প্রাথমিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয়ের কাজও চলছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে উন্নীত হলে পূর্ণ সক্ষমতার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
তবে পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হলেই নিয়মিত সরবরাহ শুরু হবে না। প্রাথমিক সংযোগের পর কয়েক দিন উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এ সময় কোনো কারিগরি ত্রুটি বা সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। সবকিছু সন্তোষজনক হলে বায়েরা থেকে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের শীর্ষ পর্যায়ের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা করা হচ্ছে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে বায়েরা চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। কোনো সমস্যা বা ত্রুটি নেই, তা নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নিতে কবে সময় দিতে পারবেন, তার ওপরও সময়সূচি নির্ভর করছে। এ কারণে এখনই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা সম্ভব হচ্ছে না।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন এবং সেই পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তি, অর্থায়ন ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট রয়েছে। উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হলে দেশের বিদ্যুৎ খাতে যুক্ত হবে নতুন এক অধ্যায়।
