রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
একই দিন রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর শেষে রাতেই বিভাগীয় কমিশনারকে ওএসডি করার আদেশ দেওয়া হয়। তবে প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার মধ্যে ইউসুফ আলীকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন পাওয়ার পর তিনি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে রাজশাহী ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় বিভাগীয় কমিশনারের দিকে হাত বাড়ালে ইউসুফ আলী এক ধাপ এগিয়ে যান। হাত মেলানোর সময় অন্য হাত দিয়ে পেছন থেকে প্রধানমন্ত্রীকে স্পর্শ করার চেষ্টা করেন বলে ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে। এরপর প্রধানমন্ত্রী কিছুটা পিছিয়ে গিয়ে তাঁকে লাইনে দাঁড়ানোর পরামর্শ দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভাগীয় কমিশনারের আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। বুধবার সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার!’
তবে বিভাগীয় কমিশনারকে ওএসডি করার প্রজ্ঞাপনে এ ঘটনার কোনো উল্লেখ নেই। ফলে ভিডিওতে দেখা ঘটনা এবং প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ইউসুফ আলীর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
এর আগে গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করে দুটি মামলা হয়।
পরে লালপুরের ইউএনওকে বদলি করা হয়। একই ঘটনায় নাটোরের তৎকালীন জেলা প্রশাসক আসমা শাহীন ও রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করা হয়। ওই দিনই রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে ইউসুফ আলীকে পদায়ন করা হয়েছিল।
দায়িত্ব গ্রহণের প্রায় দুই মাসের মাথায় এবার তাঁকেও ওএসডি করা হলো।

