কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিখোঁজ বাকি দুই পর্যটকের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
