নওগাঁয় ৬৫ বছর বয়সী হালিমা বেগমকে হত্যার অভিযোগে তাঁর ছোট ভাই মজনু রহমান ও ভাবী হোসনে আরাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, স্বর্ণের কানের দুল ও সম্পদের লোভ, মাদক বিক্রিতে বাধা এবং জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়।
বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতার অন্য তিনজন হলেন রবিউল ইসলাম (৩৯), হামিদুর রহমান (৫৫) ও মোশারফ হোসেন (৪৫)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রশি ও একটি ওড়না জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, গত ১৯ অক্টোবর সকালে ধামইরহাট উপজেলার ছিলিমপুর (তালবোনা) গ্রামের একটি বাঁশঝাড়ের পাশে ধানখেতের আইলে হালিমা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর একটি কানের লতি কাটা এবং অন্যটি ছেঁড়া অবস্থায় দেখতে পায়।
এ ঘটনায় ধামইরহাট থানায় হত্যা মামলা হওয়ার পর ওই দিন গভীর রাতে অভিযান চালিয়ে মজনু ও তাঁর স্ত্রী হোসনে আরাকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলমপুর ও ছিলিমপুর এলাকা থেকে অন্য তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হালিমা বেগম ছিলেন নিঃসন্তান ও স্বামীপরিত্যক্তা। তিনি বাবার বাড়িতে ছোট ভাই মজনুর ঘরের পেছনে একটি ছাপড়া ঘরে বসবাস করতেন। মানুষের বাড়িতে কাজ করার পাশাপাশি গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পুলিশ সুপার বলেন, হালিমার জমানো টাকা ও গবাদিপশুর প্রতি মজনু ও তাঁর স্ত্রীর লোভ ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। অন্যদিকে, স্থানীয় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রবিউল এবং জমিজমা নিয়ে পুরোনো বিরোধের কারণে হামিদুর ও মোশারফ তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে পুলিশের দাবি। এসব কারণেই ঘটনার প্রায় পাঁচ দিন আগে পাঁচজন মিলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন বলে জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে হামিদুর কৌশলে হালিমাকে ঘর থেকে ডেকে বের করেন। পরে অন্যরা মিলে তাঁর মুখ চেপে ধরে প্রায় ২০০ গজ দূরে একটি খড়ের পালার পেছনে নিয়ে যান। সেখানে হাত রশি দিয়ে বেঁধে ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশের ভাষ্য।
পরে স্বর্ণের কানের দুল খুলে নেওয়ার জন্য হামিদুর তাঁর এক কানের লতি কেটে দেন এবং অন্য কানের লতি ছিঁড়ে ফেলেন বলে জানায় পুলিশ। এরপর মরদেহটি বাঁশঝাড়ের আড়ালে ফেলে রেখে কানের দুল দুটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে আসামিরা পালিয়ে যান বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশ সুপার জানান, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
