গ্রুপ চ্যাটে প্রতিদিন অসংখ্য মেসেজ, ছবি, ভিডিও আসে। সঙ্গে নানা গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান। ফলে অনেক সময় প্রয়োজনীয় মেসেজ খুঁজে পাওয়া যায় না। যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁদের প্রায়ই এই অসুবিধার মুখে পড়তে হয়। ব্যবহারকারীদের এই সমস্যা দূর করতে সম্প্রতি চারটি নতুন ফিচার শুরু করার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ।
১. মেনশন ও রিপ্লাইয়ের জন্য আলাদা ফিল্টার। গ্রুপে প্রতিদিন প্রচুর মেসেজ আসায় অনেক সময় গুরুত্বপূর্ণ মেনশন বা রিপ্লাই চোখ এড়িয়ে যায়। এই সমস্যার সমাধানে চ্যাট লিস্টের ফিল্টার বিভাগে যুক্ত হচ্ছে নতুন ‘মেনশনস অ্যান্ড রিপ্লাইস’ অপশন। সেটিতে ক্লিক করলেই শুধুমাত্র সেই সব আনরিড গ্রুপ চ্যাট দেখা যাবে, যেখানে ব্যবহারকারীকে মেনশন করা হয়েছে অথবা সরাসরি তাঁর কোনো মেসেজের জবাব দেওয়া হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ কথোপকথন মিস হওয়ার আশঙ্কা থাকবে না।
২. অনির্দিষ্টকালের জন্য মেসেজ পিন করার সুবিধাতেও কিছু পরিবর্তন এসেছে। এতোদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মেসেজ পিন করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকতো। ব্যবহারকারীরা ২৪ ঘণ্টা, ৭ দিন অথবা ৩০ দিনের জন্য কোনো মেসেজ পিন করতে পারতেন। নতুন আপডেটে সেই সীমাবদ্ধতা থাকছে না। এবার থেকে গ্রুপে প্রয়োজনীয় মেসেজ অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা যাবে। ফলে গ্রুপের গুরুত্বপূর্ণ ঘোষণা, অনুষ্ঠানের সময়সূচি, ঠিকানা, নিয়মাবলী বা প্রয়োজনীয় তথ্য বারবার খুঁজতে হবে না।
৩. গ্রুপে যোগ দেওয়ার পরও পুরানো মেসেজ দেখার সুযোগ এবার থেকে পাওয়া সম্ভব। নতুন কোনো সদস্য গ্রুপে যোগ দিলে অনেক সময় আগের আলোচনা সম্পর্কে তাঁর ধারণা থাকে না। তাঁকে চ্যাট হিস্ট্রিও পাঠানো যায় না। ফলে কথোপকথনের বিষয়বস্তু বুঝতে তাঁর সমস্যা হয়। নতুন ফিচারে সেই সমস্যার সমাধান করেছে হোয়াটসঅ্যাপ। এবার কোনো সদস্য গ্রুপে যোগ দেওয়ার পরে তাঁর নামের উপর ক্লিক করে সাম্প্রতিক কিছু মেসেজ পাঠানো যাবে। পরে প্রয়োজন হলে আগের কথোপকথনের নির্বাচিত অংশও তাঁর সঙ্গে শেয়ার করা যাবে।
৪. গ্রুপ স্ট্যাটাস শেয়ারিং-এ এসেছে পরিবর্তন। গ্রুপের সদস্যদের জন্য আলাদা করে এবার স্ট্যাটাস দিতে পারবেন। কোনো নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য আলাদা করে স্ট্যাটাস পোস্ট করা যাবে। গ্রুপের অন্য সদস্যরা সেই স্ট্যাটাসে রিঅ্যাক্ট করতে পারবেন। চাইলে নিজেদের স্ট্যাটাসও অ্যাড করার সুযোগ মিলবে। সাধারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতোই এই আপডেট ২৪ ঘণ্টা পর মুছে যাবে।
৫. আসছে মেসেজ শিডিউল করে রাখার ব্যবস্থাও। এতে কোনো লিখিত বার্তা, ছবি বা ভিডিও আগে থেকে লিখে রেখে সময় বেছে নেওয়া যাবে। এতে কোনো জরুরি মেসেজ বা ছবি পাঠাতে ভুলে যাওয়ার শঙ্কা কমবে। ১০ মিনিট থেকে ১৪ দিন পর্যন্ত মেসেজ শিডিউল করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু’টি অপারেটিং সিস্টেমেই কাজ করবে এই ফিচার। ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট, উভয় ক্ষেত্রেই ফিচারটি কাজ করবে বলে জানিয়েছে এই মেসেজিং অ্যাপ।
কবে আসছে এই ফিচার?
বর্তমানে এই আপডেট নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তাই সকলেই এই সুবিধা একসঙ্গে পাবেন না। ধীরে ধীরে আপডেট সম্পূর্ণ হলে সব ব্যবহারকারী এর সুবিধা পাবেন।
