ঢাকার ধামরাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনায় প্রায় দেড় মাস পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত তিনটি অটোরিকশা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল (৩০), ইমাম হোসেন শাওন (৩২), মো. সবুজ (২৯) এবং হাবিবুর রহমান ওরফে রনক ওরফে রনি (২৬)। পুলিশের দাবি, সোহেল এই চক্রের মূল হোতা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোররাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর এলাকায় বিল্লাল হোসেনের মালিকানাধীন একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। কালো মুখোশ পরা ৮ থেকে ৯ জনের একটি দল গ্যারেজে ঢুকে পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁর হাত-পা বেঁধে হাতুড়ি ও রামদা দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে।
এ সময় ডাকাতেরা গ্যারেজ থেকে চারটি ইজিবাইক, ২৭টি ব্যাটারি, সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) এবং নগদ টাকা লুট করে। লুণ্ঠিত মালামালের মোট মূল্য ১০ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা বলে মামলার সূত্রে জানা গেছে। পরে একটি পিকআপ ভ্যানে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
এ ঘটনায় ১১ সেপ্টেম্বর ধামরাই থানায় ডাকাতির মামলা করা হয়। মামলার তদন্তভার পান ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম কাওছার সুলতান। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খানের নেতৃত্বে তদন্ত শুরু হয়।
পুলিশ জানায়, ডাকাতেরা সিসি ক্যামেরার ডিভিআর বক্স নিয়ে যাওয়ায় তদন্তে প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। এরপরও তথ্যপ্রযুক্তি ও তদন্তের বিভিন্ন কৌশল ব্যবহার করে আসামিদের শনাক্ত করার চেষ্টা চালানো হয়।
এর ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশের একটি বিশেষ দল। এ সময় লুণ্ঠিত তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার এবং ডাকাতিতে ব্যবহৃত একটি ছয় চাকার পিকআপ ভ্যান জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
