শিশুদের জন্য সাতটি ভাষায় ঈশপের বিখ্যাত নীতিগল্প ‘শেয়াল ও সারস’ অবলম্বনে থ্রিডি অ্যানিমেটেড শর্ট ফিল্ম প্রকাশ করেছে বাংলাদেশি এডুটেইনমেন্ট প্ল্যাটফর্ম আনন্দপাঠ (Anandapath)। ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশনের প্রযোজনায় নির্মিত অ্যানিমেশনটি বাংলা, ইংরেজি, হিন্দি, আরবি, স্প্যানিশ, চীনা ও জার্মান ভাষায় ভয়েস ডাবিং ও সাবটাইটেলসহ প্রকাশ করা হয়েছে।
২৪ অক্টোবর আনন্দপাঠের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অ্যানিমেশনটি উন্মুক্ত করা হয়। নির্মাতাদের লক্ষ্য, বিভিন্ন ভাষাভাষী শিশুর কাছে পরিচিত এই নীতিগল্পকে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা।
গল্পে রয়েছে চিরায়ত নৈতিক শিক্ষা
ঈশপের ‘দ্য ফক্স অ্যান্ড দ্য স্টর্ক’ গল্পে দেখা যায়, চতুর শিয়াল সারসকে খাবারের দাওয়াত দিয়ে চ্যাপ্টা থালায় স্যুপ পরিবেশন করে। ফলে লম্বা ঠোঁটের কারণে সারস খাবার খেতে পারে না। শিয়াল সহজেই নিজের খাবার শেষ করে।
পরে সারসও শিয়ালকে নিমন্ত্রণ করে সরু গলার পাত্রে খাবার পরিবেশন করে। সারস সহজে খাবার খেতে পারলেও শিয়াল তার চওড়া মুখের কারণে পাত্র থেকে খাবার খেতে পারে না।
গল্পটির মূল শিক্ষা, অন্যের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়, যা নিজের ক্ষেত্রে ঘটলে কষ্টের কারণ হতে পারে। এর মধ্য দিয়ে শিশুদের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌজন্যবোধের গুরুত্ব শেখানো হয়েছে।
সাত ভাষায় নির্মাণের উদ্যোগ
অ্যানিমেশনটির ক্রিয়েটিভ ডিরেক্টর ও অ্যানিমেটর মাসুদ করিম বলেন, আনন্দপাঠকে শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজটি তৈরি করা হয়েছে।
তিনি বলেন, “আমরা আনন্দপাঠকে শুধু বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ রাখতে চাই না। আমাদের ইচ্ছা ছিল বাংলাদেশের একটি ক্রিয়েটিভ স্টুডিও থেকে এমন মানের কাজ তৈরি করা, যা সারা বিশ্বের শিশুরা তাদের নিজেদের ভাষায় উপভোগ করতে পারবে।”
মাসুদ করিমের ভাষ্য, অ্যানিমেশনটিতে 3D CGI ভিজ্যুয়াল, সাউন্ড ডিজাইন এবং সাতটি ভাষায় ভয়েস ডাবিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তাঁর মতে, এ উদ্যোগ বিশ্বদরবারে বাংলাদেশি অ্যানিমেশনশিল্পের সক্ষমতা তুলে ধরার একটি সুযোগ।
অ্যানিমেশনের নির্মাতা ও কলাকুশলী
অ্যানিমেশনটির মূল গল্প ঈশপের ‘The Fox and the Stork’। এটি পরিবেশনা করেছে আনন্দপাঠ এবং প্রযোজনা করেছে ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশন।
প্রযোজনা-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ক্রিয়েটিভ ডিরেকশন ও অ্যানিমেশনে ছিলেন মাসুদ করিম। ভয়েস ওভারে আকাশ ও তারা, সাউন্ড ডিজাইনে গুলজার এবং সংগীতায়োজনে ছিলেন মিলন।
অ্যানিমেশনটি দেখতে: https://www.youtube.com/watch?v=NefK3zUPXdE
আনন্দপাঠের অফিশিয়াল ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@anandapath
