চলতি বছরই ১ লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশভিত্তিক বেতন কাঠামো ও ব্যবস্থাপনার মান যাচাই-বাছাই করে সদস্যদের কাজের ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি জানান, বাহিনীর ৬০ লাখ সদস্যকে লক্ষ্য করে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ দুপুরে সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের রাষ্ট্রদূত আনসার সদস্যদের কারিগরি দক্ষতা সরেজমিনে পরিদর্শন করেন। বিদেশি প্রতিনিধিদের নির্ধারিত কাজের চাহিদা ও দক্ষতার মানদণ্ডের ভিত্তিতে জনশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে বলে জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
