মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসে বাংলাদেশ-মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপের পার্লামেন্টের স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ।

মঙ্গলবার স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের হাইকমিশনার। এ সময় দুই দেশের সংসদীয় যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ-মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দেন হাইকমিশনার। স্পিকার এ উদ্যোগের প্রতি আগ্রহ জানান এবং দ্রুত তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় মালদ্বীপের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ। সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
