সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় আগামী ১ নভেম্বর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, মাদকসহ যাকে পাওয়া যাবে, তাকে গ্রেপ্তার করা হবে।
বিকেলে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় পশ্চিম ব্যাংক টাউন কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন সংসদ সদস্য।
তিনি বলেন, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযানে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পরে সংসদ সদস্য সাভার উপজেলা পরিষদে বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, পশ্চিম ব্যাংক টাউন কল্যাণ সোসাইটির সভাপতি রায়হান মিয়া, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া উপস্থিত ছিলেন।
