কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে তাঁর দেহাবশেষ ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকায় নেওয়া হয়। পরে বিকেলে তা পিরোজপুরের মঠবাড়িয়ায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।
নিহত নাসরিন আক্তার মুক্তার স্বামী ও ছাত্রদল নেতা জানান, স্ত্রীর মরদেহের অপেক্ষায় গত ১০ দিন ধরে দিন কাটিয়েছেন তিনি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১০ জনের পরিচয় শনাক্ত করা হলেও তাঁর স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরে স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে আবারও ইনানীর টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে যান তিনি। সেখানে ধ্বংসস্তূপে স্ত্রীর মরদেহের সন্ধানে তৎপরতা চালানো হয়। একপর্যায়ে অগ্নিকাণ্ডের ১০ দিন পর ওই রিসোর্টের ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার করা হয় নিখোঁজ শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার দেহাবশেষ।
উদ্ধার কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিহতের স্বামী অভিযোগ করেন, যথাযথ দায়িত্বশীলতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়নি।
নাসরিন আক্তার মুক্তা ঢাকার সাভারের আশুলিয়ায় অবস্থিত স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়ে তাঁরা ইনানীর পাটুয়ারটেক এলাকার ওই রিসোর্টে উঠেছিলেন। সেখানে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন মুক্তা।
