টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় রেললাইনের কয়েক মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটির কয়েকজন যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস মহেড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চালক ট্রেনটি থামিয়ে দেন। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রকিবুল হাসান জানান, ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাইনচ্যুত বগিটি বাদ দিয়ে ট্রেনটি ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে টাঙ্গাইল ও যমুনা সেতু পূর্ব স্টেশনে দুটি ট্রেন আটকে রয়েছে।
রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
