একইভাবে সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী ৫৫ লাখ মানুষের নামও ভোটার তালিকায় নেই বলে অভিযোগ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। এছাড়া ১৮-১৯ বছর বয়সী প্রায় ৪.৫ লাখ তরুণ-তরুণীর নামও তালিকায় নেই বলে তাঁর অভিযোগ।

আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করে বলেন যে, আগের ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ার সময় রাজ্যের ভোটার তালিকায় মাত্র ৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে। বিজেপি কর্মীদের ‘বুথ লেভেল অফিসার’ (বিএলও)-দের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন যোগী। এতে সকল যোগ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে আশা তাঁর। পাশাপাশি তিনি এই পুরো প্রক্রিয়াটি নিয়মিত পর্যালোচনা করারও আহ্বান জানান। সংসদ সদস্য, বিধায়ক এবং দলের অন্যান্য পদাধিকারীদের ওপরও দায়িত্ব দেওয়া হয়েছে যেন হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়।

এদিকে, ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার পর উত্তর প্রদেশের ভোটার তালিকা থেকে ২ কোটি ৪ লাখেরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে শহুরে এলাকাতেই নাম বাদ পড়ার ঘটনা সবচেয়ে বেশি। মহিলা ভোটারদের ক্ষেত্রে এই হার তুলনামূলকভাবে বেশি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় ৮৪ লাখেরও বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে, যার ফলে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ৭৯২ জনে।

আদিত্যনাথের ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ এই প্রথম নয়। এর আগেও তিনি বিজেপি কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, যেন হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা হয়।