ঢাকার আশুলিয়ায় এক কৃষকের ভেড়ার খামারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় খামারের ১৫টি ভেড়া পুড়ে গেছে। পাশাপাশি কৃষি যন্ত্রপাতিসহ অন্তত আড়াই লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক।
রোববার দুপুরে এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক শামীম হোসেন। তাঁর দাবি, ভোররাতে খামারে আগুন দেওয়া হয়।
অভিযোগে শামীম হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে স্থানীয় দিদার আহমেদ চৌধুরী, তাইজুল দেওয়ান, আকাশ দেওয়ান ও আসিফ দেওয়ানসহ ৭-৮ জন গতকাল তাঁর খামারের রাখাল সুমনের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা ভেড়ার খামার পুড়িয়ে দেওয়ার পাশাপাশি শামীমকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
শামীমের অভিযোগ, ওই ঘটনার পর ভোররাতে তাঁর খামারে আগুন দেওয়া হয়। আগুনে ১৫টি ভেড়া ও কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ছাড়া খামারের সিসিটিভি ক্যামেরার ডিভিআরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
খামারি শামীম আরও অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাঁর ক্ষতিসাধনের চেষ্টা করছেন। রাখালের ওপর হামলার পর সুযোগ বুঝে তাঁর খামারে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হাই বলেন, এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
