সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা কেউই সাধারণ শ্রমিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। এসব ব্যক্তির বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।
সোমবার বিকেলে সাভারের বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ডিআইজি।
মুস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী তাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। আন্দোলনের নামে এসব বহিরাগত ও বিশৃঙ্খলাকারীকে আইনের আওতায় আনা হবে। এ সময় সাধারণ শ্রমিকদেরও সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, গত দুই দিনের তুলনায় আজ সাভারের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
