লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের অন্যতম বড় আয়োজন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৯তম বার্ষিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের কারি ও হসপিটালিটি শিল্পের সেরা রেস্তোরাঁ, শেফ, উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) রাতে লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি অংশ নেন। টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে যাওয়া এই আয়োজনে ব্রিটিশ-বাংলাদেশি আতিথেয়তা শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, রাজনীতিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

রন্ধনশিল্পের উৎকর্ষের পাশাপাশি ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের পেছনে থাকা মানুষ, উদ্যোক্তা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করাই ছিল এবারের আয়োজনের মূল উদ্দেশ্য। যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন স্থানীয় কমিউনিটিতে ভূমিকা রাখার জন্য এ শিল্পের সংশ্লিষ্টদের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টকটিভির সম্প্রচারক ইয়ান কলিন্স এবং পুরস্কারজয়ী সংবাদ উপস্থাপক ও সাংবাদিক আনিলা ধামি।

এ আয়োজন উপলক্ষে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম শুভেচ্ছাবার্তা পাঠান। অনুষ্ঠানের অফিশিয়াল ম্যাগাজিনে প্রকাশিত এসব বার্তায় আয়োজকদের প্রতি সমর্থন ও সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয়। বাকিংহাম প্যালেস থেকে পাঠানো বার্তায় রাজা তৃতীয় চার্লস অ্যাওয়ার্ডসের প্রশংসা করেন এবং আয়োজনের সাফল্য কামনা করেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম তাঁর বার্তায় ব্রিটেনের অর্থনীতি ও স্থানীয় কমিউনিটিতে বাংলাদেশি হসপিটালিটি ব্যবসাগুলোর অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে জনসেবা, ব্যবসা ও কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কেভিন বোনাভিয়া এমপি, ব্রিক লেনের উদ্যোক্তা আব্দুল জব্বার এবং মানবাধিকারকর্মী ড. নাজিয়া খানম ওবিইকে বিশেষ ‘বিসিএ অনার্স অ্যাওয়ার্ডস’ প্রদান করা হয়।
বিসিএ সভাপতি অলি খান এমবিই বলেন, ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের এত মানুষের একত্র হওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। এই অ্যাওয়ার্ডস কেবল শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নয়, বরং শিল্পটিকে বিশেষ করে তোলা মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান ও যৌথ ঐতিহ্য উদযাপনেরও উপলক্ষ।
তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের অর্জন এই খাতকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিভা ও সক্ষমতার পরিচয় বহন করে।
বিসিএর মহাসচিব টিপু রহমান বলেন, শিল্পের উচ্চমান ধরে রাখা রেস্তোরাঁ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ এই অ্যাওয়ার্ডস। এবারের আয়োজন সহকর্মীদের নিজেদের অর্জন ভাগ করে নেওয়ার পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটিতে বাংলাদেশি হসপিটালিটি খাতের অবদান তুলে ধরার সুযোগ তৈরি করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন সীমা মালহোত্রা এমপি, কেভিন বোনাভিয়া এমপি, রুপা হক এমপি, স্যার জেমস ক্লেভারলি এমপি, ড্যানিয়েল জেইচনার এমপি, লর্ড করণ বিলিমোরিয়া, লর্ড কোরবান হোসেন এবং লর্ড রামি রেঞ্জার সিবিই।
বিসিএর কোষাধ্যক্ষ ফয়জুল হক বলেন, প্রতিটি সফল রেস্তোরাঁর পেছনে থাকেন একজন উদ্যোক্তা ও দক্ষ কর্মীদল। তাঁরা কর্মসংস্থান সৃষ্টি, সরবরাহকারীদের সহায়তা এবং স্থানীয় বাণিজ্যিক এলাকাগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখেন। এই অ্যাওয়ার্ডস তাঁদের কঠোর পরিশ্রম ও উদ্যোক্তা মনোভাবের স্বীকৃতি দেয়।
বিসিএর প্রেস ও পাবলিকেশনস সেক্রেটারি নাজ ইসলাম বলেন, ব্রিটেনে বাংলাদেশি রন্ধনশিল্পের বিকাশে অবদান রাখা মানুষ, তাঁদের গল্প ও ঐতিহ্যের যথার্থ উদযাপন ছিল এবারের আয়োজন। প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি নতুন প্রতিভাদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে পুরো শিল্পের অর্জন তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, ৬৬ বছর ধরে বিসিএ এই কমিউনিটির প্রতিনিধিত্ব ও কল্যাণে কাজ করছে। বিজয়ীদের সাফল্য তুলে ধরা সংগঠনটির কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
বিসিএ অ্যাওয়ার্ডস কমিটির আহ্বায়ক ও সেলিব্রিটি শেফ আতিক রহমান বিইএম বলেন, এই আয়োজন ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের মানুষদের একত্রিত করার পাশাপাশি ব্রিটেনে এ খাতের অবদান তুলে ধরেছে। একই সঙ্গে পরবর্তী প্রজন্মকে শিল্পটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) যুক্তরাজ্যজুড়ে প্রায় ১২ হাজার রেস্তোরাঁ মালিকের প্রতিনিধিত্ব করে। সংগঠনটি দীর্ঘদিন ধরে ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করছে।
