Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অর্থনীতিট্রেন্ডিং

মূল্যস্ফীতি ও পোশাক খাতের শ্রমিক অসন্তোষ: টেকসই সমাধান কোথায়?

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
Follow:
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬
শেয়ার
9 Min Read
শেয়ার

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। দেশের রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান, সব ক্ষেত্রেই এই শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে বিপুল সংখ্যক নারী শ্রমিকের কর্মসংস্থানের মাধ্যমে পোশাক শিল্প দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনেও ভূমিকা রেখেছে। কিন্তু এই শিল্পের সাফল্যের আড়ালে শ্রমিকদের জীবনযাত্রার সংকট, মজুরি নিয়ে অসন্তোষ এবং কর্মপরিবেশের নানা সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান। সাম্প্রতিক সময়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন ও শিল্পাঞ্চলে অস্থিরতা আবারও প্রশ্ন তুলেছে, যে শ্রমিকদের শ্রমে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তাঁদের জীবনমান কতোটা উন্নত হচ্ছে?

বর্তমানে পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, শ্রমিকদের দাবি এই মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা করা। তাঁদের এই দাবির পেছনে রয়েছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়। খাদ্যপণ্য, বাসা ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও সন্তানদের শিক্ষার খরচ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ফলে নির্ধারিত মজুরি দিয়ে একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাই অনেক শ্রমিকের জন্য কঠিন হয়ে পড়েছে। মাসের শুরুতে পাওয়া বেতনের বড় অংশই চলে যায় বাসা ভাড়া ও খাবারের পেছনে। অসুস্থতা, সন্তানের পড়াশোনা কিংবা জরুরি কোনো প্রয়োজন দেখা দিলে তাঁদের অনেককে ঋণের ওপর নির্ভর করতে হয়।

এখানে একটি অর্থনৈতিক বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, নামমাত্র মজুরি ও প্রকৃত মজুরি। নামমাত্র মজুরি বলতে একজন শ্রমিক যে পরিমাণ অর্থ বেতন হিসেবে পান, তাকে বোঝায়। আর প্রকৃত মজুরি নির্ভর করে সেই অর্থ দিয়ে তিনি কতোটুকু পণ্য ও সেবা কিনতে পারছেন তার ওপর। অর্থাৎ বেতন কিছুটা বাড়লেও যদি একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয় আরও বেশি হারে বাড়ে, তাহলে শ্রমিকের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যেতে পারে। তাই শুধু বেতন বৃদ্ধির অঙ্ক বিবেচনা করলেই হবে না; সেই বেতন দিয়ে শ্রমিকের জীবনযাত্রার মান কতোটা উন্নত হচ্ছে, সেটিও মূল্যায়ন করতে হবে।

তবে শ্রমিকদের দাবি বিবেচনার পাশাপাশি পোশাক শিল্পের মালিকদের বাস্তব পরিস্থিতিও উপেক্ষা করা যায় না। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, ক্রেতাদের কাছ থেকে কম দামে পণ্য সরবরাহের চাপ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি ও বিদ্যুতের সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সবকিছুই শিল্প মালিকদের ওপর চাপ সৃষ্টি করছে। অনেক কারখানার উৎপাদন ব্যয় বাড়লেও আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে পণ্যের ন্যায্য মূল্য পাওয়া সব সময় সম্ভব হচ্ছে না। ফলে মজুরি বাড়ানোর ক্ষেত্রে মালিকদের আর্থিক সক্ষমতা ও শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু এই বাস্তবতা শ্রমিকদের ন্যায্য জীবনযাপনের অধিকারকে অস্বীকার করার যুক্তি হতে পারে না। বরং শ্রমিকের জীবনমান এবং শিল্পের সক্ষমতা, দু’টিকে একসঙ্গে বিবেচনায় নিয়েই সমাধানের পথ খুঁজতে হবে।

শ্রমিক অসন্তোষের কারণও কেবল মজুরি বৃদ্ধির দাবিতে সীমাবদ্ধ নয়। সময়মতো বেতন ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক না পাওয়া, বকেয়া পাওনা, হঠাৎ ছাঁটাই, কর্মপরিবেশের সমস্যা এবং শ্রমিকদের সঙ্গে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগাযোগের ঘাটতিও অসন্তোষের কারণ হতে পারে। অর্থাৎ শ্রমিকের সমস্যা বহুমাত্রিক। কোনো কারখানায় বেতন বৃদ্ধি করা হলেও যদি নিয়মিত বেতন না দেওয়া হয়, কর্মক্ষেত্রে নিরাপত্তা না থাকে কিংবা শ্রমিকের অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা না থাকে, তাহলে অসন্তোষ থেকেই যাবে। তাই শ্রমিকদের অধিকারকে শুধু মজুরির আলোচনায় সীমাবদ্ধ না রেখে সামগ্রিক কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তার সঙ্গে যুক্ত করে দেখতে হবে।

অন্যদিকে, শিল্পাঞ্চলের অস্থিরতার পেছনে স্থানীয় প্রভাব বিস্তার, চাঁদাবাজি এবং কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের মতো বিষয় নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তবে কোনো অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে ধরে নেওয়া কিংবা তার দায় সরাসরি শ্রমিকদের ওপর চাপানো সমীচীন নয়। শ্রমিকদের ন্যায্য দাবি, শান্তিপূর্ণ আন্দোলন এবং সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ডকে পৃথকভাবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে হলে প্রভাবশালী মহলের অনিয়ম এবং স্বার্থসংশ্লিষ্ট সংঘাতের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

শ্রমিকদের আন্দোলন যখন কারখানা বন্ধ, সড়ক অবরোধ কিংবা সংঘর্ষে রূপ নেয়, তখন এর প্রভাব শুধু শ্রমিক ও মালিকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। উৎপাদন ব্যাহত হয়, সময়মতো পণ্য রপ্তানি করা কঠিন হয়ে পড়ে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। এর ফলে দেশের রপ্তানি আয় ও বিনিয়োগের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আবার আন্দোলন দমনের নামে নির্বিচারে মামলা, হয়রানি কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদে অযৌক্তিক বাধা সৃষ্টি করলেও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়তে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষা এবং শ্রমিকের অধিকার, দু’টিই সমান গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। কোনো সহিংসতা বা অপরাধ সংঘটিত হলে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাতে নিরপরাধ শ্রমিক হয়রানির শিকার না হন।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পোশাক শিল্পের বড় একটি অংশ আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। বিদেশি ব্র্যান্ডগুলো তুলনামূলক কম দামে পণ্য সংগ্রহ করতে চাইলেও উৎপাদন ব্যবস্থায় শ্রমিকের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। লেভিস, জারা, এইচ অ্যান্ড এমের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডসহ বৈশ্বিক ক্রেতাদের উচিত সরবরাহকারীদের সঙ্গে এমন মূল্য ও ক্রয়চুক্তি করা, যাতে উৎপাদন ব্যয়, শ্রমিকের মজুরি এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো যথাযথভাবে বিবেচিত হয়। শুধু কম দামে পণ্য কেনার প্রতিযোগিতা চলতে থাকলে তার চাপ শেষ পর্যন্ত উৎপাদন ব্যবস্থার সবচেয়ে দুর্বল অংশ, শ্রমিকের ওপরই পড়ে।

তাহলে এই সংকটের টেকসই সমাধান কোথায়? প্রথমত, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। ২০২৬ সালের ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে এবং ৪ নভেম্বর এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই প্রক্রিয়াকে স্বচ্ছ, তথ্যনির্ভর ও অংশগ্রহণমূলক করতে হবে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু মালিকের উৎপাদন ব্যয় কিংবা শ্রমিকের দাবির অঙ্ক নয়, বরং মূল্যস্ফীতি, ন্যূনতম জীবনযাত্রার ব্যয়, পরিবারের আকার এবং শিল্পের সামগ্রিক সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর মজুরি পুনর্মূল্যায়নের ব্যবস্থা থাকা প্রয়োজন, যাতে শ্রমিকের প্রকৃত ক্রয় ক্ষমতা ক্রমাগত কমে না যায়।

দ্বিতীয়ত, সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে নিয়মিত ত্রিপক্ষীয় সংলাপ চালু রাখতে হবে। শ্রমিক অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছানোর পর আলোচনায় বসার পরিবর্তে আগে থেকেই অভিযোগ ও সমস্যাগুলো চিহ্নিত করার ব্যবস্থা থাকতে হবে। প্রতিটি কারখানায় কার্যকর অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া গড়ে তোলা জরুরি। এতে শ্রমিকরা তাঁদের সমস্যা শান্তিপূর্ণভাবে তুলে ধরতে পারবেন এবং মালিকপক্ষও উৎপাদন ব্যাহত হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

তৃতীয়ত, শ্রমিকদের সময়মতো বেতন, অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও অন্যান্য পাওনা পরিশোধ নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মাতৃত্বকালীন সুবিধা এবং শ্রমিকের মর্যাদা রক্ষায় কার্যকর নজরদারি প্রয়োজন। পাশাপাশি শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসন, চিকিৎসা সেবা, স্বাস্থ্যবীমা এবং তাঁদের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়াতে হবে। এসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি শ্রমিকের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করতে পারে। তবে মনে রাখতে হবে, সামাজিক সুবিধা কখনোই ন্যায্য মজুরির বিকল্প নয়; বরং ন্যায্য মজুরির পাশাপাশি এগুলো নিশ্চিত করতে হবে।

চতুর্থত, পোশাক শিল্পকে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক রাখতে উৎপাদনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উৎপাদন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে উৎপাদন খরচ কমানো সম্ভব। তবে প্রযুক্তির অগ্রগতির সুফল যেন কেবল মালিকপক্ষের মুনাফায় সীমাবদ্ধ না থাকে; উৎপাদনশীলতা বৃদ্ধির সঙ্গে শ্রমিকের মজুরি ও সুযোগ সুবিধারও উন্নতি ঘটাতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে পণ্যের ন্যায্য মূল্য আদায়ে সরকারের কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ প্রয়োজন।

পঞ্চমত, শিল্পাঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ঝুট ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ প্রভাব বিস্তার কিংবা অন্য যেকোনো অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারখানার অভ্যন্তরে শ্রমিক ও মালিকের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শিল্পাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা জরুরি। শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনের অধিকার রক্ষা করতে হবে, আবার সহিংসতা ও সম্পদ ধ্বংসের মতো অপরাধের ক্ষেত্রেও আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সবশেষে বলা যায়, বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ শুধু উৎপাদনের পরিমাণ কিংবা রপ্তানি আয়ের ওপর নির্ভর করে না; এই শিল্পের সঙ্গে যুক্ত লাখো শ্রমিকের জীবনমান ও মর্যাদার ওপরও নির্ভরশীল। শ্রমিককে কেবল উৎপাদনের উপকরণ হিসেবে দেখলে দীর্ঘমেয়াদে শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। আবার মালিকপক্ষের আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারের বাস্তবতা উপেক্ষা করেও টেকসই সমাধানে পৌঁছানো যাবে না। প্রয়োজন এমন একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, যেখানে শ্রমিক ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ পাবেন, মালিকরা ব্যবসা পরিচালনায় সক্ষম থাকবেন এবং আন্তর্জাতিক ক্রেতারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কারণ শ্রমিকের জীবনমানের উন্নয়ন এবং শিল্পের অর্থনৈতিক অগ্রগতি পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং একে অপরের পরিপূরক। বাংলাদেশের পোশাক শিল্পকে সত্যিকার অর্থে টেকসই করতে হলে এই উপলব্ধিই হতে হবে নীতিনির্ধারণের ভিত্তি।শিল্পকে বাঁচাতে হলে শ্রমিকের জীবন ও মর্যাদাকেও বাঁচাতে হবে।

লেখক: ফারহানা মীম,
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

ট্যাগগার্মেন্টসগার্মেন্টস শ্রমিকতৈরি পোশাক কারখানাতৈরি পোশাক শিল্পমূল্যস্ফীতি
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মো. শফিকুল ইসলাম খান মিল্টন
ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন
খেলা নির্বাচিত পোস্ট
Bangladesh Global সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
ট্রেন্ডিং ফোকাস বিনোদন
Bangladesh Global অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
Bangladesh Global বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
অভিবাসন আন্তর্জাতিক ট্রেন্ডিং
Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী
শ্রমবাজারে নতুন সূচনা
অভিবাসন প্রবাস লিড নিউজ
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক Bangladesh Global
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক
কূটনীতি বাণিজ্য ভিডিও সংসদ
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার Bangladesh Global
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার
অপরাধ ফোকাস মফস্বল
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Bangladesh Global
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ট্রেন্ডিং ধর্মীয় ফোকাস
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান? Bangladesh Global
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান?
ধর্মীয় নির্বাচিত পোস্ট মতামত

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার

নভেম্বর ২৬, ২০২৬
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

নভেম্বর ২৬, ২০২৬
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

নভেম্বর ২৬, ২০২৬
Dr Muhammad Yunus Bangladesh Global

থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন

নভেম্বর ২৬, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?